রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। এসময় অভিযানের টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বকটি উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।
রেঞ্জ অফিসার মামুনুর রহমান আরও জানান, উদ্ধারকৃত পাখিটি বর্তমানে বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এটি একটি বিরল প্রজাতির পাখি হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে পাখিটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।



