বান্দরবানের আন্তাহাপাড়ায় অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু, হাঁস-মুরগি বিতরণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তাহাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করেন।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী জামান, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

NewsDetails_03

আয়োজক সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন, তারাছা, আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের মোট ৬৬৪টি পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০টি পরিবারকে একটি করে বকনা গরু, ৩১৪টি পরিবারকে ১১টি করে মুরগি এবং ১০০টি পরিবারকে ১১টি করে হাঁস দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হয়।

এর আগে, একই দিনে সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি নোয়াপতং ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন।

আরও পড়ুন