কাপ্তাই বাদশা মিয়ার টিলা জামে মসজিদ : ৩৮ বছরেও সংস্কার হয়নি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কাপ্তাই লেকের পাশে অবস্থিত বাদশা মিয়ার টিলা জামে মসজিদ। ১৯৮৭ সনে মসজিদটি প্রতিষ্ঠিত হলেও অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮ বছরেও সংস্কার করা হয়নি জামে মসজিদটি।
টিলার পাশে প্রায় ৩০টি মুসলিম পরিবার ৩৮বছর যাবত বসবাস করে আসছেন। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র। তারা দিনে আনে দিনে খায়।কেউ সাম্পান, নৌকা চালিয়ে চালিয়ে,আবার কেউ হ্রদে মাছ শিকার করে দিনাতিপাত করে থাকেন। তাঁদের স্বল্প আয় দিয়ে কোন রকম মসজিদটি চলে। অর্থ সংকটের ফলে দীর্ঘ ৩৮ বছর যাবত মসজিদটি সংস্কার না করার ফলে মসজিদটির টিন, গাছের খুঁটি এবং হ্রদের পাশে থাকায় মসজিদটির মাটি ধবসে যাচ্ছে। পুরাতন টিন গুলো ছিদ্র হয়ে গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন জানান, অর্থাভাবে মসজিদটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেনা। তাই মসজিদ সংস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। মসজিদের মুসল্লী সত্তর উর্ধ্ব বয়সী মো.শহীদ উল্লাহ প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিদটি সংস্কার করার জন্য।
মসজিদের ইমাম আমির হোসেন জানান,মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের টেউয়ে মসজিদের ভিতর ফাঁটল, মাটি ধস নেমেছে। অর্থ সংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না। তিনি প্রশাসন, সমাজের বিত্তবান ও এলাকার সর্বস্তরের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, মসজিদটি লেকের পাশে হওয়ায় এটার জন্য ধারক দেওয়াল নির্মাণ করতে হবে। ভবিষ্যতে এটার সংস্কার করা হবে।


