কাপ্তাই হ্রদ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ টুকু বলেছেন, দেশের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ কাপ্তাই হ্রদ রক্ষায় সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জেলেদের পোনা মাছ নিধন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পোনা মাছ বড় হওয়ার সুযোগ দিলে দীর্ঘমেয়াদে জেলেরা নিজেরাই বেশি লাভবান হবেন।

বুধবার (৬ মে) সকাল ১১টায় রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদ দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটিকে দূষণমুক্ত রাখা সবার দায়িত্ব। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, হ্রদের নাব্যতা বজায় রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মৎস্য খাতের উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

NewsDetails_03

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন ধরনের কার্ড বিতরণ কার্যক্রম চলছে এবং মৎস্যজীবীরাও কৃষক কার্ড পাবেন। এর মাধ্যমে তারা সরকারি নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. ইমাম উদ্দিন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন মৎস্য ও প্রাণীসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, নৌ পুলিশের পুলিশ সুপার বিএম নুরুজ্জামান, জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এছাড়া মৎস্য ব্যবসায়ী ও জেলেদের পক্ষ থেকে বক্তব্য দেন রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহফুজ উদ্দিন, কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর এবং মৎস্যজীবী নেতা শহর আলী।

বক্তারা কাপ্তাই হ্রদের ড্রেজিং দ্রুত বাস্তবায়ন, জেলেদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বন্ধ মৌসুমে খাদ্য সহায়তা বাড়ানোর দাবি জানান। তারা বলেন, বর্তমানে বন্ধ মৌসুমে যে পরিমাণ চাল দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ফলে জেলেদের পরিবারে অভাব-অনটন দেখা দেয়।

বক্তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন কারণে কাপ্তাই হ্রদের অনেক সুস্বাদু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব মাছ পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং হ্রদকে আরও উৎপাদনশীল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

আরও পড়ুন