বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এবং জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিতেন বড়ুয়ার বিরুদ্ধে বর্তমানে পাঁচটি জিআর মামলা রয়েছে। কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাপলা চত্বরে জিতেন বড়ুয়া অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুইজন সাদা পোশাকের পুলিশ সদস্য তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যান। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জিতেন বড়ুয়ার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গণমাধ্যমকর্মী অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেককে ঢালাওভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের রেহাই দেওয়ার দাবি জানান।
এদিকে জীতের বড়ুয়া গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির মহাসচিব খায়রুজ্জামান কামাল এক বিবৃতিতে এই দাবি করেন।



