গুইমারায় পিলাক খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ইউপিডিএফের জড়িত থাকার অভিযোগ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পিলাক খাল খননের কাজে নিয়োজিত একটি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার ২২ মে সকালে খনন কাজের সাথে যুক্ত শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা স্কেভেটরটি আগুনে পোড়ানো অবস্থায় দেখতে পান। গুইমারা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের অভিযোগ, গুইমারার এই খাল খনন প্রকল্প থেকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ধারণা করা হচ্ছে, দাবি করা চাঁদা না পেয়েই গভীর রাতে তারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এর আগেও চাঁদা না দেওয়ায় একাধিকবার এই উন্নয়নমূলক কাজটি বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না জানান:”দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্কেভেটারের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এই পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মাত্র দুই দিন আগে, গত বুধবার খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেছিলেন। কাজ শুরুর পরপরই এমন নাশকতার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



