বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির জওয়ানরা বান্দরবানের থানচি উপজেলায় একজন অপহরনকারীসহ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে। আটককৃত অপহরণকারীর নাম মাংলে ম্রো (২৬)।
তার বাড়ি থানচি উপজেলা বলীপাড়া ইউনিয়নের প্রয়াত দিংতে ম্রো পাড়া নিবাসী। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।
থানচির বলিপাড়া জোনে দায়িত্বরত ৩৮ নং বিজিবি ব্যাটেলিয়ন সংবাদ সম্মেলন করে শুক্রবার ২২ মে বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাটেলিয়ানের কমান্ডার লে. কর্ণেল ইয়াসির আরাফাত হোসেন, সংবাদ সম্মেলনের বলেন, বিজিবির দু:সাহসিক অভিযানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জিম্মি উদ্ধার এবং মুক্তিপণ হিসেবে আদায়কৃত নগদ ৩ লাখ টাকা এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত এডজুডেন্ট ও সহকারি পরিচালক মো. জাকির হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।

গত বৃহষ্পতিবার ২১ মে রাত ৯টার দিকে উপজেলা সদরের ফজল করিমেরর গ্রাম হতে অস্ত্রের মুখে রাজ মিস্ত্রি ও ব্যবসায়ী মো. আমু হোসেন (৫০) কে অপহরণ করে স্থানীয় একটি সন্ত্রাসী দল।
এ সময় অপহৃতের পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের দাবিকৃত ৩ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের মাধ্যমে আমু হোসেনকে মুক্তির বিষয় দফারফা হয়।
এদিকে অপহরণের বিষয় জানার পর বিজিবির পক্ষ থেকে উদ্ধার অভিযানের পরিকল্পনা করা হয়।
গোয়েন্দা সুত্রের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ বিজিবি। রাত পৌনে ৩টায় বিজিবির জালে ধরা পড়ে অপহরণকারী মাংলে ম্রো (৩৫)। মেংলে ম্রোকে এর আগে অস্ত্রসহ তিনবার আটক করেছিল বিজিবি, আদালত হতে জামিনে ছাড়া পেলে সে এসব কর্মকান্ডে ফের জড়িয়ে পড়ে।



