জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন।

আজ সোমবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ড. এহসানুল হক মিলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভুঁইয়া এমপি ও শিক্ষা মন্ত্রনালয়ের সচিব আব্দুল খালেক।

৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০১ গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা প্রদান করে সরকার। গুণী শিক্ষক সম্মাননা হিসেবে প্রতিজনকে প্রাইজ মানি চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জন গুণী শিক্ষককেকে চূড়ান্ত করেছে।

বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।

প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার বিভিন্ন পর্যায় থেকে শিক্ষক নির্বাচন করা হয়।

NewsDetails_03

তালিকা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সাধারণ ও মাদ্রাসা মিলিয়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে ২০ জন এবং কলেজ পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে ২৫ জন শিক্ষক সম্মাননা পান।

এ ছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষককে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও সম্মাননা পান।
মাধ্যমিক পর্যায়ে সারা দেশে নির্বাচিত ১০ জন গুণী শিক্ষকের মধ্যে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমাকে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেয়া হয়।

সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে চম্পানন চাকমা বলেন,”এটি আমার শিক্ষকতা জীবনের এক অত্যন্ত আনন্দঘন, গৌরবময় ও স্মরনীয় মুহুর্ত।এ সম্মাননা আমার একার নয়,এটি আমার পরিবার, আমার বাবা-মা, আমার সহকর্মী,আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোপরী আমার প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা, সহযোগীতা ও অনুপ্রেরনার স্বীকৃতি।”

তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ শিক্ষা মন্ত্রনালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরো গভীর কৃতজ্ঞতার সাথে স্মরন করেন তাঁর সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষককে, যাদের কাছ থেকে তিনি জ্ঞান, মূল্যবোধ ও শিক্ষকতার আদর্শ শিখেছেন।তিনি আরো কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর বাবা- মা, পরিবার, সহকর্মী ও অসংখ্য শিক্ষার্থীকে- যাদের ভালোবাসা ও সহযোগীতায় তিনি অনুপ্রাণিত হয়েছেন।

তিনি আরো বলেন একজন চিকিৎসক একজন মানুষের জীবন রক্ষা করেন, একজন প্রকৌশলী ভবন ও অবকাঠামো নির্মান করেন; আর একজন শিক্ষক মানুষ গড়ে তোলেন সেই মানুষই একজন চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, প্রশাসক,উদ্যোক্তা কিংবা রাষ্ট্রনায়ক হয়ে দেশ ও সমাজের নেতৃত্ব দেয়।তাই শিক্ষকতা শুধু একটি পেশা নয়- এটি একটি মহান দ্বায়িত্ব,একটি নৈতিক অঙ্গীকার এবং জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।

আরও পড়ুন