তারাছা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।
বান্দরবানের তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়া এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন বিএনপি প্রার্থী। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি জনগোষ্ঠীর মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

এসময় গণসংযোগ ও পথসভায় মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী, এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, মৎস্য জীবি দলের সহসভাপতি মোরশেদ আলম সহ অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতা কর্মীরা।
বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ ও সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ। সাচিং প্রু জেরী পাহাড়ি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিসহ সব জাতিগোষ্ঠীর সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করা হবে। পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনায় তার প্রধান লক্ষ্য।
এসময় সাচিং প্রু জেরী পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ভোটারদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা কোনো সাধারণ রাজনৈতিক ঘোষণা নয়; বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের একটি সুসংগঠিত রূপরেখা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।
প্রচারণা চলাকালে তারাছা ইউনিয়নের ছাইংগ্যা ও তেতুলিয়া মারমা পাড়ার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।



