এসএসসি ও সমমান পরীক্ষার এবারের ফলাফলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে সাফল্যের শীর্ষস্থান দখল করেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬১ শিক্ষার্থীর শতভাগই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে পরীক্ষার্থীদের ৩৬ দশমিক ৬৪ শতাংশ। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।

শুধু তিন পার্বত্য জেলার মধ্যে সেরা ফলাফল নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বোর্ডের ফলাফলে প্রতিষ্ঠানটি ষষ্ঠ স্থান লাভ করেছে।
রাঙামাটি জেলার সামগ্রিক ফলাফলে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় পাসের হার ৪১ দশমিক ২১ শতাংশ। মোট ৭ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন।
পার্বত্য চট্টগ্রামের অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের তুলনায়ও লেকার্সের অবস্থান এগিয়ে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৯৪ দশমিক ৩০ শতাংশ।
শতভাগ পাসের পাশাপাশি ৫৯ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এবারের পরীক্ষায় এমন সাফল্য এসেছে।



