“জগতের সকল প্রাণী সুখী হোক, মানবতার জয় হোক”—এই স্লোগানকে সামনে রেখে ‘আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী’ সংগঠনের উদ্যোগে বান্দরবানে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন স্পেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং স্পেন সার্বজনীন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ। মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্পেন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলায়ন ভিক্ষু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া আধুনগর জ্ঞান বিকাশ বিহারের বিহারাধ্যক্ষ ও কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী সংগঠনের সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু, স্পেনপ্রবাসী নয়ন বড়ুয়া ও তাঁর সহধর্মিণী জয়া বড়ুয়া, চট্টগ্রাম নিবাসী শয়ন বড়ুয়া ও তাঁর সহধর্মিণী মুক্তা বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী সংগঠনের অর্থ সম্পাদক সুব্রত বড়ুয়া, সুভম বড়ুয়া অপু, বান্দরবানের সমাজকর্মী রিমন বড়ুয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
আয়োজকেরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। মানবিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগকবলিত মানুষের ঘুরে দাঁড়ানোর পথ আরও সহজ হবে।



