বান্দরবানের রোয়াংছড়িতে জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ কৃষকদের মাঝে প্রায় ১৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (১০ আগস্ট) উপজেলার উ. সারা লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সমিতির সিনিয়র সহসভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, হাইনুমং মারমা, সাচিংথুই মারমাসহ কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বনজ ও ফলদ গাছের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি কৃষকদের ফলদ ও বনজ চারা বিতরণ করা হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক, কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



