দাবি ও সুপারিশ নিয়ে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকার বঞ্চিত নিপিড়ীত জনতার অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর দাবি ও সুপারিশ সমূহের প্রচারপত্র বিতরণ উপলক্ষ্যে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ রবিবার (০৮ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। বর্তমানে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের কারণে পাহাড়ি-বাঙ্গালি কোনো জনগোষ্ঠীর মানুষই নিরাপদে নেই, শান্তিতে বসবাস করতে পারছে না। তিনি অভিযোগ করে বলেন, পাহাড়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অর্থ ব্যবহার করে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে।
এসময় পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি দাবি ও সুপারিশ তুলে ধরেন পিসিএনপি। দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্রিটিশ আমলের ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি এবং এ-সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ও নির্দেশনা বাতিল করা; সমতলের ৬১ জেলার মতো পার্বত্য অঞ্চলেও শ্রমিক নিয়োগ ও ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা চালু করা। এছাড়া পার্বত্য চট্টগ্রামের কারবারি, হেডম্যান ও রাজার মাধ্যমে জমির খাজনা আদায়ের ব্যবস্থা বাতিল করে এ দায়িত্ব জেলা প্রশাসকের কাছে ন্যস্ত করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ সম্পন্ন করা এবং কমিশনে বাঙ্গালি প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ সংবলিত একটি প্রচারপত্র বিতরণের পাশাপাশি ‘আমার পাহাড় আমার জীবন’ শিরোনামে একটি বই প্রকাশ করা হয়।



