দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বান্দরবানে সেমিনার
দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও সেমিনার।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এই সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় বক্তারা বলেন, সমাজে বৈষম্য দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে দারিদ্র্য হ্রাসে তা কার্যকর অবদান রাখবে।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমাদের সকলকে যাকাত দিতে হবে, আর তার হিসাব যাকাত বোর্ড সুন্দরভাবে রক্ষণ করে সকল গরীব ও অসহায়কে সমবন্টন করবে। এসময় তিনি সমাজের সকল বিত্তবানদের যথাযথভাবে যাকাত প্রদানের আহ্বান জানান এবং বলেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, বৃদ্ধি পায় এবং তাতে বরকত নাজিল হয়। এটি ধনীর সম্পদ থেকে গরিবের প্রাপ্য আদায়ের মাধ্যমে সামাজিক বৈষম্য কমায় এবং আত্মাকে কৃপণতার পাপ থেকে মুক্ত করে।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো:ফরহাদ সরদার, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপ-পরিচালক মো.সেলিম উদ্দীনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।



