বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের সময় বাইশারী ইউনিয়নের ১২নং রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এসআই সতেজ বড়ুয়া, এএসআই রনজিৎ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দক্ষিণ বাইশারীর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীমের রাবার ফ্যাক্টরি থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে একটি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকানো অবস্থায় একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সেখানে কে বা কারা লুকিয়ে রেখেছে, তা শনাক্তে কাজ চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ধারণা, পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় অপরাধীরা গোপনে অস্ত্র লুকিয়ে রাখতে এসব নির্জন স্থান ব্যবহার করে থাকে। পুলিশ জানিয়েছে, এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।



