বান্দরবানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের বিভিন্ন সুফল তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো জানান, বান্দরবানের লামা উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামবাচ্চু, সাধারন সম্পাদক এন এ জাকির সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



