বান্দরবানের থানচি উপজেলা-এ পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রন্ধন প্রণালী (Cooking Demonstration) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে ঘরের আঙিনায় উৎপাদিত সবজি ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্য উপাদান ব্যবহার করে স্বাস্থ্যসম্মত রান্না বিষয়ে সচেতনতা বাড়াতে এ প্রদর্শনী।
বুধবার (১৩ মে) রেংরিং ম্রো পাড়া গ্রামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস বাংলাদেশ-এর পিএইপি-৩ প্রকল্প।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলে সহজলভ্য শাক-সবজি, ফলমূল ও দেশীয় উপাদান ব্যবহার করে সুষম ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুতের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথিরা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য প্রস্তুত প্রণালী এবং পরিবারে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রেমন আসামের সভাপতিত্বে এবং উপজেলা মাঠ কর্মকর্তা লিংকন গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ নাঈম বিন শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন পিএইপি-৩ প্রকল্পের জেলার জেপিও (এগ্রোইকোলজি) উসিনু মারমা, জেপিও (মিল) মো. ফরহাদ আজিম, স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন ইন্সপেক্টর জ্যোতি প্রিয় চাকমা, রি স্বং স্বং রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা থুইমেচিং মারমা, মাঠ সহায়ক পংমে মারমা ও সিংথোয়াই চাকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবার পর্যায়ে পুষ্টি জ্ঞান বৃদ্ধি করে এবং শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেয় আয়োজক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপকারভোগীসহ অর্ধশতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে হাতে-কলমে রান্না প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।



