নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা পেয়ে উপকৃত শতাধিক রোগী

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাতটি গ্রামের শত শত রোগী। প্রত্যন্ত এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষের অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ম্রাছাঅং চাক কারবারী আদিবাসী পাড়ার কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল ও বান্দরবান জেলা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শিবিরটির উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা ও মেডিসিন কনসালট্যান্টের সাবেক উপপরিচালক ডা. অংচালু। এতে চট্টগ্রাম লায়ন হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. আফরিন সুলতানা, ডা. সাইমুম নাহার, ডা. মোহাম্মদ নঈম উদ্দিন, ডা. রুবিসহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন।

শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

NewsDetails_03

শিবিরে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, দূরবর্তী পাহাড়ি এলাকা থেকে উপজেলা বা জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এমন উদ্যোগে তারা ঘরের কাছেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্য নিয়েই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের চিকিৎসা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন আয়োজন হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর বলেন, মানবিক উদ্যোগ হিসেবে এটি একটি প্রশংসনীয় আয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে।

আরও পড়ুন