বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. ইউনুছ সিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর সদস্যরা রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন যাত্রী মো. ইউনুছ সিকদারের দেহ তল্লাশি করে তার পেট ও পায়ে কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।
এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



