নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “ বিজিবি তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে, তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, (পিএসসি) বলেন, “আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ও মাদক পাচারের ঘটনা রোধে বিজিবি নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে।

আরও পড়ুন