রাঙামাটিতে ২২ মামলার আসামি মাদক সম্রাট জসিম গ্রেপ্তার

রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৪৬)কে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম পালানোর চেষ্টা করলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন নিজেই ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এছাড়া দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায়ও মামলা রয়েছে।

NewsDetails_03

থানা সূত্রে জানা গেছে, ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত এবং একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হন। এছাড়া একটি মাদক মামলায় এক বছরের সাজাও হয়েছে।

ওসি মো. জসিম উদ্দিন জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ও একাধিক মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরও পড়ুন