পাহাড়ে রেকর্ড জয় দীপেনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আলোচনায় এসেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের প্রার্থী দীপেন দেওয়ান। পাহাড়ের এই বৃহত্তম আসনে তাঁর বিজয়কে রাজনৈতিক বিশ্লেষকেরা দেখছেন দীর্ঘ সংগঠনভিত্তিক রাজনীতির স্বীকৃতি হিসেবে।
বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২—যা এ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ।

মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ ভোটারের এ আসনে ভোট পড়েছে ২ লাখ ৬৩ হাজার ৮৬৬টি। ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৭ শতাংশ। সাতজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে থাকেন দীপেন দেওয়ান।

NewsDetails_03

২০০৫ সালে আইন পেশা ছেড়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আহ্বানে বিএনপির রাজনীতিতে যোগ দেন তিনি। ‘ওয়ান-ইলেভেন’–এর অস্থিরতায় ২০০৮ সালের নির্বাচন করতে না পারলেও থেমে থাকেননি। ২০১০ সালে জেলা বিএনপির সভাপতি এবং ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর প্রয়াত পিতা সুবিমল দেওয়ান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ট্রাইবাল অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবারের জয়কে তাই অনেকেই দেখছেন পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।

আরও পড়ুন