টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা পাড়া ও ক্রাইক্ষ্যং পাড়ায় ১০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সেলিম রানা, সুবেদার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান করে আসছে বাহিনীটি। চলমান বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানানো হয়।


