আসন্ন রথযাত্রা উপলক্ষে রাঙামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ ও আয়োজক কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা একটি সুন্দর, নিরাপদ ও আনন্দঘন রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন, ডিআইও-১, ওসি ডিবি, টিআই (প্রশাসন), ওসি কোতোয়ালীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


