বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী মেরামত করে দেওয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ঘরবাড়ী সরকারী উদ্যোগে মেরামত করে দেয়া হবে।
তিনি আরো বলেন, শুধু ঘরবাড়ী নয় সকলে যাতে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্যোশে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এমন মন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সাধারণ জনগণের ক্ষতি পুষিয়ে নিতে সরকারী ভাবে বিভিন্ন ফসলের বীজ, সার ও কীটনাশক দেয়া হবে, আর যদি কারো ব্যাংকের ঋণ প্রয়োজন হয় তাহলে সহজ শর্তে সরকারীভাবে ক্ষতিগ্রস্থদের ঋণ সহায়তাও প্রদান করা হবে।
পরে তিনি বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করেন।
এসময় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাধবী মারমা, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


