কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শহরের আশপাশের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, সড়ক ও উঠানে পানি ঢুকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রাতের দিকে পাহাড়ি ঢলের পানি দ্রæত বৃদ্ধি পেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করে। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।

বৃষ্টিতে বান্দরবানের ইসলামপুর, বালাঘাটা, ব্রিগেড এলাকা, আর্মিপাড়া, উজানীপাড়া, বরিশালপাড়াসহ বিভিন্নস্থানে নিচু এলাকায় ঘরে পানি প্রবেশ করেছে আর বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ঘরবাড়ী ডুবে যাওয়ায় অনেকেই উঠেছে আশ্রয়কেন্দ্রে। পাহাড়ের পাদদেশে স্থানীয় বাসিন্দারা যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
এদিকে দুর্যোগ মোকাবেলায় জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত রেখেছে প্রশাসন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া স্থানীয় বাসিন্দাদেও জন্য প্রতিদিন দুই বেলা রান্না খাবার (খিচুরি) বিতরণ করা হচ্ছে।


