সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১১ ও ১২ জুলাই খাগড়াছড়িসহ দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কোথাও কোথাও ১১ ও ১২ জুলাইয়ের মধ্যে মোট ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল, জলাবদ্ধতা এবং ভূমিধসের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (১০ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) চট্টগ্রামে ১১৯ মিলিমিটার, বান্দরবানে ১০৫ মিলিমিটার এবং কক্সবাজারে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে পাহাড়ের ঢাল ও পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারী বর্ষণের সময় প্রয়োজন ছাড়া পাহাড়ি সড়কে চলাচল থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।


