বান্দরবানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর আয়োজনে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রীতম চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর সহসভাপতি লাভলী দে, বাগীশিক বান্দরবান জেলা সংসদের সভাপতি আশিষ আইচ, সাধারণ সম্পাদক রতন কান্তি নাথ এবং বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সদস্য সচিব আনন্দ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবারের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা স্তরের মোট ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ বলেন, “আমরা গীতার মাধ্যমে একতা, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে থাকি। আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। মানুষকে ভালোবাসাই আমাদের শিক্ষা। অন্যকে হত্যা করা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কিংবা ধর্মের নামে সহিংসতা চালানো—এ ধরনের উগ্রতা সনাতন ধর্মে নেই।”
তিনি আরও বলেন, নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতেই বাগীশিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে আয়োজকরা জানান, দেশের ৫৮ জেলার ১৫ হাজার শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় এবার অংশ নিয়েছেন।



