লাইসেন্স নবায়ন ছাড়া এলপিজি বোতলজাত গ্যাস বিক্রির অপরাধে বান্দরবানের বালাঘাটা বাজারের মেসার্স প্রাইম গ্যাস হাউজকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে ।
শনিবার(৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট বুলবুল আকতার সেতু এই জরিমানা করেন।
সুত্রে জানা যায়,গত কয়েকদিন ধরেই বান্দরবানে রান্না করার এলপিজি বোতলজাত গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে , আর এই অজুহাতে অনেক অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণকে ঠকিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে ।

এদিকে এমন অভিযোগ জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক শামীম আরা রিনি এর নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালতের কয়েকটি টিম জেলা সদরের বিভিন্ন গ্যাসের দোকান ও গুদামে অভিযান চালায়। অভিযান চলাকালে বান্দরবানের বালাঘাটা বাজারের মেসার্স প্রাইম গ্যাস হাউজে ভ্রাম্যমান আদালতের টিম গেলে সেখানে গ্যাসভর্তি কোন গ্যাসের বোতল পাওয়া যায়নি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে দোকানটির স্বতাধিকারী মো. মামুনুল ইসলাম লাইসেন্স দেখালেও সেটি মেয়াদ উত্তীর্ণ ছিল অনেক আগেই।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু তরলীকৃত পেট্রোলিয়াম বিধিমালা ২০২৪ এর ৮৯ ধারা লঙ্ঘনের অপরাধে মামুনুল ইসলামকে ৩হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।



