নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে জেলার বিভিন্ন পূজামন্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজাকে ঘিরে মন্ডপগুলোতে চলছে নানা আয়োজন।
সকাল থেকে বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়, সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এবার দেবী দুর্গার আগমন হচ্ছে ঘোড়ায়।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবান জেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উদ্দীপনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপনের প্রস্তুুত শিশু থেকে বয়োবৃদ্ধরা।
এদিকে নির্বিঘ্নেও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর দাশ জানান, সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় পূজা হলো এই দুর্গাপূজা আর এই পূজাকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মধ্যে নানা ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের পাশাপাশি চলে উৎসবের আয়োজন। প্রতিবছরের মত এবারেও বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের রাজারমাঠে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে আর প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, বান্দরবান জেলার সাত উপজেলায় এবছর ৩৩টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।



