বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে এসে দলীয় নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

আজ বুধবার (১ জুলাই) দুপুরে রাঙামাটিতে পৌঁছালে জেলার প্রবেশদ্বার বেতবুনিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। পরে গাড়িবহরসহ তিনি রাঙামা‌টি শহ‌রের কাঁঠালতলীতে জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছান।

সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় আমি তৃণমূল নেতাকর্মীদের পাশে আছি। আমাদের নেতা তারেক রহমান। তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার নেতৃত্বে তৃণমূলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

NewsDetails_03

মন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘটনায় হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি এখনো জনগণের নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের সমস্যা সমাধানে আগের মতোই কাজ করে যাব।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর তিনি ঢাকায় অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।

সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তার পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তার পদত্যাগ প্রত্যাহার করে পুনর্বহালের দাবিতে কর্মী-সমর্থক, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলন ও কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন