রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মদ মনে করে ভুলবশত বিষপান করে রিংকন বড়ুয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ম্রুংদং পাড়ার মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন কিছুদিন আগে চাকরি থেকে ছুটিতে বাঙ্গালহালিয়ার নিজ বাড়িতে আসেন রিংকন। গত মঙ্গলবার (১৬ জুন) তিনি অসাবধানতাবশত মদ মনে করে বিষপান করেন। বিষক্রিয়া টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



