রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু, আহত ৩

রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

NewsDetails_03

দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে ওই আহত ব্যক্তির মৃত্যু হয়। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন