মাটিরাঙ্গায় ধসে পড়া ঘরের জায়গায় নতুন ঘর দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় বৃদ্ধকে নতুন ঘর হস্তান্তর করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

​আজ রবিবার (১৯ জুলাই) দুপুরের দিকে জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ কচাকলা ত্রিপুরাকে আনুষ্ঠানিকভাবে এই নতুন ঘরটি হস্তান্তর করেন।

​সেনাবাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বর্ষণের কারণে ওই বৃদ্ধের মাটির তৈরি ঘরটি ধসে পড়ে। খবর পেয়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

NewsDetails_03

তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। জোনের তত্ত্বাবধানে ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর আজ তা হস্তান্তর করা হলো।

​ঘর হস্তান্তরকালে জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অসহায় মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​মাথা গোঁজার নতুন ঠাঁই পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কচাকলা ত্রিপুরা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এই বিপদের দিনে সেনাবাহিনীর এই সহযোগিতা আমার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।” তিনি সেনাবাহিনীর সকলের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

​ঘর হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন