যানজট নিরসনে বান্দরবানে মাঠে নামলো পুলিশ
পর্যটন জেলা বান্দরবানে পবিত্র রমজান উপলক্ষ্যে শহরের যানজট নিরসনে অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে বান্দরবানের বিভিন্ন পয়েন্টে পুলিশের এই অভিযান দেখা গিয়েছে। পুলিশের এই অভিযানের কারণে শহরের যানযট অনেকটাই কমেছে এবং চালকরা সচেতন হয়ে নিজ নিজ যানবাহনগুলো নিদিষ্টস্থানে পাকিং করার পাশাপাশি যেখানে সেখানে রাখা থেকে কিছুটা বিরত থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে এর নেতৃত্বে পুলিশের ট্রাফিক সদস্যদের একটি দল ট্রাফিক মোড়, কাঁচা বাজার, হিলভিউ হাসপাতালের মোড়, ধনেশ পাখি চত্বরসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র পরীক্ষার পাশাপাশি অবৈধভাবে সড়কের ওপর পাকিং করা যানবাহনের চালকদের বিভিন্ন ধারায় মামলা প্রদান করা হয়।

এসময় ট্রাফিক আইন না মেনে সড়কে অবৈধভাবে পাকিং ও চালকের লাইসেন্স না থাকায় ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা কামাল আহম্মেদ জানান, পুলিশ সদস্যরা যদি নিয়মিত এমন অভিযান পরিচালনা করে তবে বান্দরবান সদর আরো সুন্দর হবে, যততত্র পাকিং বন্ধ হবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, বান্দরবান একটি ছোট শহর, ছোট শহর অনুযায়ী এখানে যানবাহনের সংখ্যা কম নয়। আমাদের সকলকে সচেতন হতে হবে, চালকের পাশাপাশি যাত্রীদের ও সচেতন জরুরী। তিনি আরো বলেন, যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



