“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মনোন্নয়ন” এই প্রতিপাদ্যে জাতীয় ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা।
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী ও আব্দুল মন্নান, জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান প্রমূখ।

এছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, আম্পায়ার, রেফারি, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে বিকেলে সাবেক ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। লাল দল ও সবুজ দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
আয়োজকরা বলেন, তারুণ্যের অংশগ্রহণ ছাড়া ক্রীড়া উন্নয়ন সম্ভব নয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব বলেও তারা মত দেন।



