রাঙামাটি শহরের নিউমার্কেট এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনালী ব্যাংকের পেছনের সিঁড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার এক বন্ধুর সঙ্গে ঘাটে গোসল করছিল। এ সময় অসাবধানতাবশত এবং সাঁতার না জানায় সে পানির গভীরে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দুপুর ১টা ২৫ মিনিটে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত আব্দুল্লাহ রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হ্যাপি মোড় এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ হাসান এবং মাতা লাকি আক্তার।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



