বান্দরবানে ৬ শ্রমিককে অপহরণ

বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে এবার ৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯), নুরুল আফসার (১৯) মো. আরাফাত (২২) ও সাকিব (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে।

NewsDetails_03

রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, শ্রমিকদের নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করে, মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকি দিয়েছে, তাদের উদ্ধারের জন্য আমাদের চেষ্টাও অব্যাহত আছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন,অপহরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তাদের দ্রুত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এর আগে মঙ্গলবার রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নং আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগান থেকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা ৩ রাবার শ্রমিককে অপহরণ করা হয়, পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন