রাজস্থলীতে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিনসহ পাইপ জব্দ
রাঙামাটির রাজস্থলীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন, রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ছাইংখ্যং ব্রিজ এলাকার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে কাউকে না পেয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন এবং পাইপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল রাজস্থলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



