রামগড়ে নিবন্ধনহীন ২ কোচিং সেন্টার মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে চালু রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় দুটি কোচিং সেন্টারের দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত আাজ রবিবার সকালে রামগড় পৌর শহরের উপকন্ঠে হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে এ অভিযান পরিচালনা করেন। রামগড় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এস এস সি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে সেলিম পাটোয়ারি হিরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে দু’টি পৃথক মামলায় “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯” এর ধারা ৮০ অনুযায়ী ২৫,০০০ টাকা করে মোট ৫০,০০০ অর্থদণ্ড প্রদান করে আাদায় করা হয়।

তিনি আরও জানান, কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

জানা যায়, কোচিং সেন্টারের মালিক সেলিম পাটোয়ারি হিরা রামগড়ের থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মিঠু বড়ুয়া রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।

আরও পড়ুন