শান্তি, সম্প্রীতি, উন্নয়নে একসাথে কাজ করতে হবে : পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

শান্তি, সম্প্রীতি উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। এলাকার উন্নয়নের পূর্বশত হলো শান্তিপূর্ণ অবস্থান, আর এই শান্তি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল ও আঞ্চলিক দলগুলোকে একসাথে কাজ করে উন্নয়ন তরান্বিত করতে হবে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্তরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী একথা বলেন।

তিনি আরো বলেন,পার্বত্য এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির সরবরাহের জন্য বর্তমান সরকার কাজ করবে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পাহাড়ে সুষম বন্টন নিশ্চিত করবো আর সকলের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাব।

পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য জেলা নানা ধরণের ফলের জন্য প্রসিদ্ধ আর এই জেলার ফলের উৎপাদন বৃদ্ধি আর সেই সাথে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে এই সরকার কাজ করবে আর কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

লাল সবুজের স্বাধীনতাকে লালন ও ধারণ করে আমাদের সকলের সাথে সহবস্থান নিশ্চিত করতে হবে মন্তব্য করে মন্ত্রী সকলের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহবান জানান। এসময় তিনি পার্বত্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পার্বত্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে এসময় যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ,বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, মো.জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির বান্দরবান জেলা শাখা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রথমবারের মত বান্দরবানে আগমন করায় পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সংগঠন ও শ্রেনীপেশার মানুষ। আর এ উপলক্ষ্যে জেলার ৭টি উপজেলার নেতাকর্মীরা সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে বান্দরবান শহরে স্বাগত জানিয়ে মিছিল করে, মন্ত্রীকে বরণ করতে জেলা শহরে নির্মান করা হয় শতাধিক তোরন।

আরও পড়ুন