খাগড়াছড়িতে এনসিপি’র সংবাদ সম্মেলন : ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খাগড়াছড়িতে এনসিপি নেতাকর্মীদের নামে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। এতে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২৫) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জেলা নেতা শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা।

NewsDetails_03

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ এনসিপি নেতাকর্মীদের নামে ভিত্তিহীন মামলা নিয়েছে। এসব মামলার কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলোও মনগড়া বলে দাবি করেন তারা। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের সময় এনসিপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিলেও এখন তাদের ওপর উল্টো দমন-পীড়নের চেষ্টা চলছে।

এনসিপি নেতাদের দাবি, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতার নামে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়েছেন। মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নম্বর আসামিরা এনসিপির নেতাকর্মী। তারা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও মিথ্যা মামলাদায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০–১৫০ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য তার বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করা হয়।

আরও পড়ুন