ফেনীতে বানভাসি মানুষের পাশে কাপ্তাই নৌ স্কাউটস ও নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী
বিগত ৫০ বছরেও ফেনি জেলাবাসী এইরকম বন্যা দেখে নাই, যেখানে যাচ্ছি সেখানেই শুধু পানি কি পানি। প্রায় সব ঘর বাড়ি পানির নীচে। তাছাড়া বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোন খাবার। চরম মানবিক সংকটে পড়েছে সমগ্র ফেনিবাসী। তেমনটি জানালেন বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এবং বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার এম জাহাঙ্গীর আলম, এলটি।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি এই বর্ণনা দেন।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর উদ্যোগে গত বৃহস্পতিবার হতে আজ শনিবার সকাল ১১ টা পর্যন্ত ফেনি জেলা সদর ও সোনাগাজী উপজেলার বানভাসি প্রায় ৫ শত পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়, সেই সাথে প্রায় ৭০ জন লোককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ২০ সদস্যদের একটি টিম রাঙামাটি থেকে ২ টি স্পীড বোট ভাড়া করে কাপ্তাই থেকে ২ টি ট্রাকযোগে ফেনী নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন।


