সুস্পষ্ট নীতিমালা ছাড়া নিয়োগ নয় : কোটা বিরোধী ঐক্যজোট

রাঙামা‌টি পার্বত্য জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগে কোটা জটিলতা ও নীতিগত অস্পষ্টতার অভিযোগ তুলে কেন্দ্রীয় ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত সকল নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট।

আজ বুধবার রাঙামাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান—জেলা পরিষদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা আনতে ব্যর্থ হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সংগঠনটি জানায়,২ ডিসেম্বর পর্যন্ত জেলা পরিষদকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যাখ্যা না আসায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও প্রশ্নবিদ্ধ নিয়োগের শঙ্কা তৈরি হয়েছে।

NewsDetails_03

গতকাল জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতারা বলেন, এটি সাময়িক স্বস্তি দিলেও কোনো স্থায়ী সমাধান নয়। সুস্পষ্ট নীতিমালা ছাড়া নতুন করে পরীক্ষা নিলে সংকট আরও ঘনীভূত হবে।

সংগঠনের ৬ দফা দা‌বির প্রতি অনড় থে‌কে তারা জানান, তাদের আন্দোলন নিয়োগ বন্ধের জন্য নয়; বরং স্বচ্ছ, দ্রুত ও বৈষম্যহীন নিয়োগ নিশ্চিত করতেই তারা আন্দোলনে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সকল নিয়োগে প্রযোজ্য—পার্বত্য জেলা পরিষদও এর বাইরে নয় বলেও তারা উল্লেখ করেন।

সংগঠনের নেতারা বলেন, হাজারো শিক্ষিত তরুণ-তরুণীর ভবিষ্যৎ রক্ষায় এই আন্দোলন। ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠায় রাঙামাটিবাসীর সহযোগিতা আমাদের শক্তি।

সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছি‌লেন সংগঠ‌নের মোঃ জনি, রেজাউল করিম রাজ, মোঃ ইমাম হোছাইন ইমু, মিজানুর রহমান, মোঃ আশরাফুল, চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম, মোঃ ইব্রাহিম রুবেল, মোঃ রাইহান, মোঃ আরমান, মোঃ আব্দুল্লাহ প্রমূখ।

আরও পড়ুন