হেডম্যান, কার্বারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : দীপেন দেওয়ান
আমি এই পার্বত্য রাঙামাটির সন্তান। আপনাদের রীতিনীতি আমারও রীতিনীতি। আপনাদের প্রতিটি সমস্যা আমার কাছে গুরুত্বপূর্ণ—আমি এমপি নির্বাচিত হলে হেডম্যান–কার্বারীদের সব দাবি ও সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি শহরের পর্যটন অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হেডম্যান–কার্বারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাঙামাটি-২৯৯ নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
তিনি বলেন—সামাজিক বিচার ব্যবস্থায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথাগত প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব। নির্বাচিত হলে আঞ্চলিক দলগুলোর সঙ্গে দলীয় প্রধান ও রাষ্ট্রপ্রধানের সরাসরি আলোচনার ব্যবস্থা করবো, যাতে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

সভায় বিভিন্ন উপজেলার হেডম্যান ও কার্বারীরা ভূমি ব্যবস্থাপনার জটিলতা, প্রথাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, সম্মানী ভাতার সীমাবদ্ধতা, সামাজিক অবস্থানের অবমূল্যায়নসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান বলেন, এই প্রথম কোনো জাতীয় রাজনৈতিক দল আমাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলো। দীপেন দেওয়ান নির্বাচিত হলে রাঙামাটির উন্নয়ন ও প্রথাগত প্রতিষ্ঠানের সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন—প্রথাগত প্রতিষ্ঠান দুর্বল করার নানা চক্রান্ত চলছে। স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন—আমরা আশা করি দীপেন দেওয়ান এই বিষয়ে সরাসরি উদ্যোগ নেবেন।
সভায় পাহাড়ের দুর্গম অঞ্চল থেকে আগত শতাধিক হেডম্যান–কার্বারী অংশ নেন। সভা শেষে দীপেন দেওয়ান বলেন—পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর জন্য সমান ভাবে কাজ করবো—কেউ যেন বঞ্চিত না হয়, সেটাই হবে আমার প্রতিশ্রুতি।



