কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের অমৃত ভান্ডার ভবনের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া
মাটিরাঙ্গায়
খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে নবনির্মিত ‘অমৃত ভান্ডার’ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) দুপুরের দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট এই ১ তলা ভবনের উদ্বোধন করেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) ওয়াদুদ ভূঁইয়া।

মন্দির পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই ‘অমৃত ভান্ডার’ ভবনটি নির্মাণ করা হয়। মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবনটির উদ্বোধনকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মন্দিরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।



