খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪ গুইসাপ উদ্ধার, আটক নারী
খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়।
গত বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, চেঙ্গী স্কয়ার এলাকায় বস্তাভর্তি গুইসাপ রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল সেখানে অভিযান চালায়। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক পাঁচটি বস্তায় তল্লাশি চালানো হয়। পরে বস্তাগুলো থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি জীবিত গুইসাপ গুলো উদ্ধারের পর বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে জীবিত গুইসাপগুলো আলুটিলার গভীর অরণ্যের নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, “উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বন বিভাগ সূত্রে আরও জানা যায়, পাহাড়ি বনাঞ্চল থেকে বন্যপ্রাণী শিকার, সংগ্রহ ও পাচার ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গুইসাপসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্যপ্রাণী শিকার, পাচার বা অবৈধভাবে সংগ্রহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



