রামগড়ে আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

অনুষ্ঠানে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

NewsDetails_03

একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে মোট ১৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এর মধ্যে গুরুতর প্রতিবন্ধী রোগীদের ব্যবহারের জন্য ৩টি হুইলচেয়ার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা সরকারের এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন