খাগড়াছড়িতে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালীন সময় অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২রা জুলাই) সকাল ছয়টার দিকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের (এএসটিসি) মাঠে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, মো. মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে (এসএলসি) প্রশিক্ষণ নিচ্ছিলেন। সকালবেলায় শারীরিক প্রশিক্ষণ (পিটি) চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মোতালেব হোসেন ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে তিনি খাগড়াছড়িতে এসেছিলেন। তিনি ময়মনসিংহ শিল্প পুলিশ ইউনিটে কর্মরত ছিলেন।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।



