খাগড়াছড়িতে পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান : আটক ৩

​খাগড়াছড়ি জেলায় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের রোয়াশা পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহলদল নিয়মিত দায়িত্ব পালন করছিল। টহল চলাকালীন রোয়াশা পাড়া এলাকায় পাহাড়ের মাটি কাটার সন্দেহজনক তৎপরতা নজরে এলে সেনাসদস্যরা সেখানে দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয় এবং পাহাড় কাটায় ব্যবহৃত একটি যানবাহন জব্দ করা হয়।

​ঘটনাটি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময়ে আটক ব্যক্তি ও জব্দকৃত যানবাহনটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে অভিযুক্তদের পুলিশি হেফাজতে সোপর্দ করা হয়েছে।

NewsDetails_03

​সেনা সূত্র থেকে জানানো হয়েছে যে, পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অবৈধ পাহাড় কাটা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ড রোধে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​খাগড়াছড়িতে পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর এই তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে। অবৈধভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির এটি একটি বলিষ্ঠ প্রতিফলন।

আরও পড়ুন